ঊষার আলো প্রতিবেদক : খুলনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হৃদয় শেখ (২২) নামে এক যুবক নিহতহ হয়েছেন। এ সময় মিঠু নামে আরেকজন আহত হন। নিহত যুবক রূপসার উপজেলার বাগমারা গ্রামের হারুন শেখের ছেলে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যা ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। পাশাপাশি রয়েছে তাদের মুদি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার অপর এক যুবক বাকিতে মালামাল নেয়। বুধবার দুপুরের দিকে হৃদয় ও অন্তর মিঠুর দোকানে আসে। এসময় দোকানদার মিঠু অন্তরের নিকট পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ইফতারের কিছুক্ষণ পরে হৃদয় ও অন্তরসহ কয়েকজন যুবক মিঠুর দোকানে আসে। তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পাশের দোকান থেকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে তাকে হামলাকারীরা গুপ্তি ও ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। স্থানীয়রা এগিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হৃদয় শেখকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। তারা বিভিন্ন অসামাজিক কাজে সম্পৃক্ত থাকলেও কেউ কিছু বলতে সাহস পেত না।
রূপসা থানার অফিসার ইনচাজ মোশারেফ হোসেন বলেন, সন্ধ্যায় বাগমারা এলাকায় মারামারির ঘটনা শুনেছি। এ ঘটনায় হৃদয় শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। পুলিশ হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।
