ঊষার আলো রিপোর্ট : বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার নৈশ প্রহরী জয়নাল আবেদীনকে (৭০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ২৮ মে শুক্রবার সকালে ওই মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। জয়নাল আবেদীন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত মির বক্সের ছেলে।
জানা গেছে, শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের ছেলে আবুল কাশেম (৪৫)। তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে ছেলের পরিবর্তে বাবা জয়নাল আবেদীন ওই মাদ্রাসার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। ২৭ মে বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত আবুল কাশেম মাদ্রাসায় ছিলেন। পরে তার বাবা আসলে তিনি বাড়িতে ঘুমাতে চলে যান। সকালে বাড়ি না ফিরলে ছেলে মাদ্রাসায় গিয়ে শ্রেণি কক্ষের মেঝেতে বাবা জয়নাল আবেদীনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেছেন, মাদ্রাসা থেকে কোন কিছু খোয়া যায়নি। তিনি মাদ্রাসার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। ওই কক্ষের দরজা খোলা পাওয়া যায়। কি কারণে বৃদ্ধকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
(ঊষার আলো- এম.এইচ)
