UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

ঊষার আলো
মার্চ ২৩, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (২৩ মার্চ)  সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়।

এতে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। ‘পড়াশোনা না প্রতিবাদ? বিশ্ববিদ্যালয় কিসের জন্য?’ ‘ওয়াকিলের বহিষ্কার চাই’, ‘আমি পড়তে এসেছি, মার খেতে নয়’, ইত্যাদি প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।

এসময় তারা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷ ‘বিচারহীনতার সংস্কৃতি, আর কতদিন, আর কতদিন’। ‘ভাই আমার হাসপাতালে, প্রশাসন নীরব কেন?’ ‘আমার ভাই রক্তাক্ত কেন, বিচার চাই, বিচার চাই।’ ‘ওয়াকিলকে বহিষ্কার, করতে হবে, করতে হবে।’

মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন। কেউ মারামারি করে চোখ হারাতে আসেন না। কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে আসে না মারামারি করার জন্য।আরেক শিক্ষার্থী বলেন, সিনিয়র জুনিয়র আমাদের মধ্যে বন্ধন রয়েছে। অপরাধী যে দলের হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই অপরাধী যদি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়, তাহলে আর কোনো আনিস আর রক্তাক্ত হবেন না। এর জন্য প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এই ঘটনা খুবই মর্মাহত করেছে আমাকে। এই ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনো মানুষের দ্বারা হতে পারে না। হলের অনেক জুনিয়র আছে, যারা সিনিয়র নেতা দ্বারা হেনস্তার শিকার হয়েছে, যাদের বিচারে আমি বিন্দুমাত্র ছাড় দেই নাই। আমি কথা দিচ্ছি, এই ঘটনার শক্ত বিচার হবে।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমদ মারধর করেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে। এতে মারাত্মক আহত হন আনিছুর।

ঊষার আলো-এসএ