বিশেষ প্রতিনিধি, ঢাকা : শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছে খুলনা জেলার প্রত্যন্ত গ্রাম মাহমুদ কাটীতে প্রতিষ্ঠিত ‘অনির্বাণ লাইব্রেরি’। এই প্রতিষ্ঠানটি ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৬ জন বিশিষ্ট ব্যক্তি পেয়েছেন জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জুমবাংলার সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। সম্মাননাপ্রাপ্ত অন্যরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন (মরণোত্তর), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কথাসাহিতি্যক ও সাংবাদিক আনিসুল হক, স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে জি মুস্তাফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীন-উল হাকিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার পাভেল রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেল, ছড়াকার ও শিশু সাহিতি্যক পাশা মোস্তফা কামাল, গীতি কবিতায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, গায়ক, সুরকার ও সঙ্গীত গবেষক সাজেদ ফাতেমী, বরেন্দ্র ও রূপগ্রাম কৃষি খামারের উদে্যাক্তা সোহেল রানা, জনসচেতনায় বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা এবং তথ্যপ্রযুক্তিতে মো. মনির হোসেন।
অনুষ্ঠানে জুমবাংলার সম্পাদক হাসান মেজর বলেন, জুমবাংলা এমন এক সময়ে এক যুগ পেরিয়েছে যখন দেশ ও জাতি উদযাপন করেছে ‘মুজিববর্ষ’ ও মহান বিজয়ের ‘সুবর্ণজয়ন্তী’। আমরা এই সময়টাকে স্মরণীয় করে রাখতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার পাশাপাশি সামাজিক আন্দোলনে বিশেষ ভূমিকার মাধ্যমে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করায় প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত অনির্বাণ লাইব্রেরিকে সম্মাননার নির্বাচিত করা হয়েছে।
