UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে — সিনিয়র সচিব মমতাজ আহমেদ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে। গণমাধ্যমের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার মাধ্যমেই শিশুদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করা সম্ভব। আজকের শিশুরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রোববার সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা গেলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, পানিতে ডুবে শিশু মৃত্যু একটি প্রতিরোধযোগ্য ঘটনা। এ ক্ষেত্রে গণমাধ্যমে সচেতনতামূলক ও দায়িত্বশীল প্রতিবেদন শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক সংবাদ ও প্রতিবেদন আরও মানসম্মত, সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে উপস্থাপিত হবে।
সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প পরিচালক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মো. বাবুল সরকার ও মো. মুশফিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার মোট ২০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

ঊআ-মোহন চৌধুরী