UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে উপকূলীয় প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষায় প্রশিক্ষণ

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় আয়োজিত ‘উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ’ ২৪ ও ২৫ নভেম্বর লিডার্স ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণে সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য, বননির্ভর মানুষের জীবিকা এবং উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়েও আলোচনা করেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম। তিনি বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যকারিতা, কমিউনিটি প্যাট্রোলিং, গ্রাম সংরক্ষণ ফোরামের (ভিসিএফ) ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে কমিটিগুলো সক্রিয় করার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অংশগ্রহণকারীরা সিএমসি ও ভিসিএফের কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতা, অর্থায়নের সংকট, স্থানীয় পর্যায়ে কমিটির নিষ্ক্রিয়তা এবং বননির্ভর জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বন সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিটিগুলো পুনরায় কার্যকর করার আহ্বান জানান তাঁরা।

‘আইনগত কাঠামোর মাধ্যমে পরিবেশগত অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সেশনে বেলার আইন সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না পরিবেশগত অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক ও আইনগত কাঠামো, সংশ্লিষ্ট আইন, নাগরিক অধিকার এবং আইনগত প্রতিকার সম্পর্কে আলোচনা করেন। স্থানীয় জনগণের অধিকার সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, ‘অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ শীর্ষক সেশনে বেলার রুমানা আফরোজ দীপ্তি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার পরিদর্শক মো. আশরাফ আলী, শ্যামনগর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান নিজ নিজ দপ্তরের কার্যক্রম, দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে তাঁদের সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশা জানান। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও ধারণা পান।

এ ছাড়া সুন্দরবন পর্যটন, অভয়ারণ্য ও অভয়াশ্রমের পার্থক্য, পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে বিরোধ, নৌযান ও পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণে বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, ঢাকা কার্যালয়ের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল হাসান, খুলনা কার্যালয়ের রিসার্চ অফিসার শাফায়াত উল্লাহ এবং ঢাকা কার্যালয়ের অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান উপস্থিত ছিলেন।

‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ (ইওউ৪ঈঔ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ঊআ-মোচৌ