ঊষার আলো ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেতা কামাল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সালমান খান। তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করায় রশিদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন সালমান। কয়েকদিন চুপ থাকার পর সালমানের বাবা সেলিম খানের কাছে সেই মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন কামাল আর খান (কেআরকে)।
এরপর নিজেই সোশ্যাল মিডিয়ায় হুমকি দেন যে তিনি সালমানের ক্যারিয়ার শেষ করে দেবেন ও তাকে রাস্তায় নামাবেন। এমন হুমকির দেওয়ার পর কামাল বলেন, বলিউডে যদি কেউ সালমান খানের বিরুদ্ধে মুখ খুলেন তাহলে তার ক্যারিয়ার শেষ করে দেন সালমান। তার বিরুদ্ধে কেউ কোনও দিন কারো মুখ খোলেননি। অথচ তিনি (কেআরকে) প্রকাশ্যে সালমানের সমালোচনা করায় বলিউডের নামকরা ২০ জন অভিনেতা তাকে বাহবা দিয়েছেন তার সাহসিকতার জন্য। কাজে তার বিরুদ্ধে মামলা করেও তাকে দমিয়ে রাখা যাবে না জানান তিনি।
অন্যদিকে সালমানের আইনজীবী জানান, দীর্ঘদিন ধরেই অভিনেতা কেআরকে গুজব রটাচ্ছিলেন যে সালমান খান দুর্নীতিগ্রস্ত এবং তার ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে যুক্ত। এ কারণেই কেআরকের বিরুদ্ধে মানহানির মামলা করেন সালমান খান।
এদিকে কেআরকের আইনজীবী বলেন, কামাল রশিদ খান এ ধরনের মন্তব্য করেননি। তবে তার আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন কেআরকে। তিনি জানান আগামী ৭ জুন এ মামলার শুনানি হবে।
(ঊষার আলো-এফএসপি)
