ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়েছে। তারপরও তৃতীয় ও শেষ ওয়ানডের গুরুত্ব কোনও অংশে কম ছিল না। একদিকে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের হিসাব, অন্যদিকে শ্রীলঙ্কাকে প্রথমবার হোয়াইটওয়াশ করার উপলক্ষ। যে কারণে ‘নির্ভুল’ ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তামিম-মাহমুদউল্লাহরা। অথচ দৃশ্যপটে থাকলো অন্য চিত্র। ভুলে ভরা এক ম্যাচে লজ্জার হারে হোয়াইটওয়াশের স্বপ্ন যেমন চুড়মার হলো, তেমনি বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হাতছাড়া হলো বাংলাদেশের।
শুক্রবার (২৮ মে)) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শেষ ওয়ানডে বাংলাদেশ হেরেছে ৯৭ রানের বড় ব্যবধানে। টস জেতা শ্রীলঙ্কা কুশল পেরেরার ১২০ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৮৬ রান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৪২.৩ ওভারে অলআউট হয়েছে ১৮৯ রানে। ফলে, ব্যাটিং ব্যর্থতার আরেকটি অধ্যায় শঙ্কার ছবিই এঁকে দিলো লাল-সবুজ ক্যাম্পে।
টপ অর্ডারের ব্যর্থতা ফুটে উঠলো আরেকবার। তামিম ইকবাল, নাঈম শেখ ও সাকিব আল হাসান ফিরে যান দলীয় ২৮ রানে। আগের দুই ম্যাচের নায়ক মুশফিকুর রহিম আশা জাগালেও পারেননি। তার বিদায়ের পর মাহমুদউল্লাহ (৫৩) ও মোসাদ্দেক হোসেনের (৫১) হাফসেঞ্চুরি যথেষ্ট ছিল না। লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতায় আশঙ্কার মেঘ আরও জমাট বাঁধলো শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন দুষ্মন্থ চামিরা। এই পেসার ৯ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। তার সঙ্গে স্পিনে সঙ্গী হয়েছিলেন রমেশ মেন্ডিস (২/৪০) ও ভানিন্দু হাসারাঙ্গা (২/৪৭)।
মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন নাঈম। মুখোমুখি দ্বিতীয় বলে ১ রান করেছেন তিনি। দুষ্মন্থ চামিরার বল তার ব্যাট ছুঁয়ে গেলে স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিস ক্যাচ নিতে ভুল করেননি। ফলে দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের আগে মাহমুদউল্লাহ জোর গলায় বলেছিলেন, তিনি নিশ্চিত শেষ ম্যাচে রান পাবেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও আশায় ছিলেন ব্যাটসম্যান সাকিবের ঝলক দেখার। কিন্তু হলো না। ব্যাট হাতে আরেকটি ব্যর্থতার অধ্যায় যোগ হলো বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেও ব্যর্থ সাকিব। মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। শুরুতে ওপেনার নাঈম শেখ ফিরে যাওয়ায় তার কাছে দলের প্রত্যাশা আরও বেড়ে যায়। কিন্তু বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে দলকে আরও বিপদে ছেড়ে আসেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। দুষ্মন্থ চামিরার শর্ট বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে সাকিব ধরা পড়েন রমেশ মেন্ডিসের হাতে।
ফলে ব্যাটসম্যান সাকিবের দেখা মিললো না গোটা সিরিজেই। প্রথম দুই ম্যাচে ১৫ ও ০ রানের পর শেষ ওয়ানডেতে বিদায় নিলেন ৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ধনাঞ্জয়া ডি সিলভা ৫৫, দানুশকা গুনাথিলকা ৩৯, কুশল মেন্ডিস ২২, ভানিন্দু হাসারাঙ্গা ১৮; তাসকিন আহমেদ ৪/৪৬, শরিফুল ইসলাম ১/৫৬)।
বাংলাদেশ : ৪২.৩ ওভারে ১৮৯ (মাহমুদউল্লাহ ৫৩, মোসাদ্দেক হোসেন ৫১, মুশফিকুর রহিম ২৮, তামিম ইকবাল ১৭, আফিফ হোসেন ১৬; দুষ্মন্থ চামিরা ৫/১৬, রমেশ মেন্ডিস ২/৪০, ভানিন্দু হাসারাঙ্গা ২/৪৭)।
ফল : শ্রীলঙ্কা ৯৭ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা : দুষ্মন্থ চামিরা।
সিরিজসেরা : মুশফিকুর রহিম।
(ঊষার আলো-এমএনএস)
