ঊষার আলো ডেস্ক : করোনা থেকে নিরাপদে থাকতে ১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসাথে সারা দেশের স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকার দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। ১২ থেকে ১৭ বছরের ছেলে-মেয়েদের যে টিকা কার্যক্রম তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সে তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, ১ নভেম্বর হতে টিকা কার্যক্রম শুরু করতে পারবো। ঢাকায় ১২টি শীতাতাপনিয়ন্ত্রিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।
মন্ত্রী বলেন, আমাদের অন্য কার্যক্রমগুলোও চলমান থাকবে। স্কুলের ছাত্র ছাত্রীদের টিকা দেওয়া কার্যক্রমও চলমান থাকবে। প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে কাজ শুরু করছি। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র আরও বাড়ানো হবে, আমরা সে চেষ্টা করছি।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতদিন তালিকা দেবে আমরাও টিকা দেবো। যে পর্যন্ত টিকা আমাদের হাতে থাকবে সেই পর্যন্ত দিতে থাকবো। আমাদের কাছে যথেষ্ঠ টিকা আছে। স্কুলের ছেলে মেয়েদেরকে ফাইজার টিকা দিচ্ছি। সেটা আমাদের কাছে মজুদ রয়েছে। নভেম্বর মাসে আরও ৩৫ লাখ টিকা দেশে আসবে।
(ঊষার আলো-এফএসপি)
