UsharAlo logo
, |

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত  

ঊষার আলো
অক্টোবর ২৯, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ৮ বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের এক হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়ে চার লাখ ৩৫ হাজার ১৯০টি। এক হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে সভা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কার কী দায়িত্ব, সেটি সভায় বলে দেওয়া হয়। করোনায় যাতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যগতভাবে সচেতন থাকেন এবং মাস্ক পরিধান করেন, সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন প্রার্থী। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষায় নির্ধারিত ২০০ নম্বরের মধ্যে ছিল বাংলা ভাষা এবং সাহিত্যে ৩৫, ইংরেজি ভাষা এবং সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বর।

(ঊষার আলো-আরএম)