ঊষার আলো রিপোর্ট : সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অপরাধের মামলায় ধর্মীয় বক্তা আমির হামজাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আমির হামজাকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে হাজির করলে তিনি এ রিমান্ড মঞ্জুর করেন। সংসদ ভবনে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার আসামী আমীর হামজাকে সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটায় গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির একটি টিম। এ বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আমির হামজার বিরুদ্ধে সিটিটিসির তদন্তাধীন একটি মামলা রয়েছে।
জানা গেছে, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় ৫ মে সাকিব নামে ১ জনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় আলী হাসান এবং মাহমুদুল হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়।
সাকিবকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়, সাকিব কথিত বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখের উগ্রবাদী-জিহাদি হামলার বার্তাসংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হন।
(ঊষার আলো-আরএম)
