UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়াতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

ঊষার আলো
মে ১৭, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে ১ স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ১ যুবককে গ্রেফতার করেছে।
আজ ১৭ মে সোমবার ভোর রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত কাজল কৃষ্ণ দাস (৫৫), উপজেলার সুখচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর আমানুল্লা গ্রামের লোচন বেপারী পুত্রের বাড়ির বসন্ত কুমার দাসের ছেলে এবং স্থানীয় ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
এর আগে, রোববার রাতে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত যুবক শান্ত মজুমদারকে (২০) তার নিজ বাড়ি থেকে আটক করেছে। সে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয়রা বলেন, গতকাল রোববার বিকেলের দিকে পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের সাথে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুল শিক্ষক কাজলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করেন। রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হাসপাতাল থেকে স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এর আগে অভিযুক্ত শান্তকে আটক করে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

(ঊষার আলো- এম.এইচ)