UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ঢাকাগামী শতাধিক যাত্রীবোঝাই বাস আটক

ঊষার আলো
মে ১৮, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর শেষে আবারও ঢাকাগামী বাসের জটলা সিরাজগঞ্জের কাজিপুরে। উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোাঝাই প্রায় শতাধিক বাস ১৮ মে মঙ্গলবার ভোরে কাজিপুরের সোনামুখীতে আটকে দিয়েছে থানা পুলিশ। এতে করে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোন যানবাহন ঢুকতে পারছে না।
এদিকে বাসের যাত্রীরা পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে হৈ হুল্লোড় করছে। কিন্তু থানা পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
নাজমুল নামের এক যাত্রী বলেন, ‘ট্রাকে গাদাগাদি করে মানুষ যাচ্ছে তখন করোনা ধরবে না, আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে। এটা কেমন নিয়ম।
জয়নাল নামের পোষাক কারখানার শ্রমিক বলেন, ‘ ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না। হঠাৎ বাবা মারা গেল ঈদের আগের দিন। বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকরি চলে যাবে।’
মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে কেন যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে পরিবহনের ১ জন চালক বলেন, ‘ভাবছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারবো। কিন্তু এখানেও আটকে দিলো। গাড়ি না চললে আমরা পরিবার পরিজন নিয়ে কি খাব।’
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোন গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশ্যে কাজিপুর হয়ে যেতে দেবো না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরত পাঠিয়েছি।’

(ঊষার আলো- এম.এইচ)