UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সন্তানকে ছুঁড়ে ফেলে বাঁচিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু

ঊষার আলো
মে ১৮, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নুরজাহান (৩২) নামের ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। নুরজাহান উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের স্বামী বলেছে, তার সামনেই স্ত্রী নুরজাহান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সকালে স্ত্রী ও ২ সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে সবজি জমিতে ভেণ্ডি তোলার জন্য যাচ্ছিলেন তিনি। সে সময়ে তিনি ও পুত্র মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে যান। তবে স্ত্রী নুরজাহান ও কন্যা জান্নাতুল (৪) মহাসড়ক পার না হয়ে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মহাসড়কের পাশেই। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও কন্যা জান্নাতুলের দিকে ধেয়ে আসে। ওই সময়ে মৃত্যু নিশ্চিত জেনেও স্ত্রী নুরজাহান তার কন্যা জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেওয়ামাত্রই ট্রাকের চাকায় পিষ্ট হন নুরজাহান। রাস্তার মাঝে ট্রাকটি উল্টে যায়। এ কারণে নাটোর-পাবনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, নুরজাহান নামের এক মহিলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)