ঊষার আলো ডেস্ক : গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করা হচ্ছে। গত সপ্তাহে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক শিশুসহ অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের বর্বোরোচিত হামলার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সোমবার ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক’শ বিক্ষোভকারী রাজধানী বুয়েনেস আইরেসে ইসরায়েলি দূতাবাসের কাছে জড়ো হয়।
পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা দূতাবাসের কাছে পৌঁছায়। এ সময়ে বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন’ এবং ‘আমরা হৃদয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড।
এদের মধ্যে ১ বিক্ষোভকারীর হাতে স্প্যানিশ ভাষায় লেখাছিল ‘বয়কট ইসরায়েল’। এ সময়ে বিক্ষোভকারীরা আর্জেন্টিনার সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান করেন। এছাড়া অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা।
(ঊষার আলো- এম.এইচ)
