UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের পজিশন, মুশফিকের কিপিং নিয়ে দ্বিধা ভাংলেন তামিম

ঊষার আলো
মে ২১, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শান্ত। ফলে সাকিবও ফিরে পাচ্ছেন তার পছন্দের ৩ নম্বর পজিশন। যেখানে খেলেই বিশ্বকাপে ৬শ’র ওপর রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিলেন, লঙ্কানদের বিপক্ষে সিরিজে তিনেই ব্যাট করবেন সাকিব। তারকা এই অলরাউন্ডারের ওপর বাড়তি প্রত্যাশার চাপ চাপিয়ে দিতে রাজি নন অধিনায়ক।

সাকিবকে নিয়ে তামিম জানান, ‘অবশ্যই। প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। তবে মনে রাখতে হবে, সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাইব, প্রতি ম্যাচেই ওমন হোক, সেও চাইবে। এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখি না।’

সাকিবের মতো অলরাউন্ডারকে নিয়ে আলাদা করে চিন্তার কিছু নেই বলেই মনে করেন তামিম। তার কথা, ‘টেনশন নাই। আমি নিশ্চিত, সে ভালো করবে। কেননা সে এখানে (তিন নম্বরে) ভালো করেছে। সে সেটি চালিয়ে যাবে। তবে এটাও মনে রাখতে হবে যে, যদি শুধু বিশ্বকাপের কথা চিন্তা করে দেখেন যে ওই ৬০০টা রান, এভাবে ভেবে ক্রিকেট খেলাটা একটু কঠিন। যদি এভাবে না হয়, তাহলেও দুশ্চিন্তার কিছু নেই, আমি নিশ্চিতভাবেই এসব নিয়ে ভাবব না।’

ওয়ানডে অধিনায়কের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে চলে এসেছে আরেকটি জিনিসও। সেটা হলো-মুশফিকুর রহীমের কিপিং। ব্যাটসম্যান মুশফিককে নিয়ে কোনো কথা না থাকলেও ‘কিপার’ মুশফিকের সমালোচনা আছে বেশ। নিয়মিতই তার হাত থেকে দুই-একটি সুযোগ ফস্কে যাচ্ছে। তামিম সতীর্থের উইকেটকিপিং সামর্থ্যেও ভীষণ আস্থাশীল। তিনি বলেন, ‘ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ। সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহূর্তের জন্যও মনে হয় না যে, মুশফিক কিপিং করবে না। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুধু না পুরো সিরিজেই কিপিং করবে।’ তামিম যোগ করেন, ‘ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।

(ঊষার আলো-আরএম)