ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর নয়াবাড়ি এলাকাতে একটি ডায়িং কারখানার গ্যাস পাইপের ছিদ্র থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ নিরাপত্তাকর্মী ও ৩ শ্রমিক দগ্ধ হয়েছে।
দগ্ধ ২ নিরাপত্তাকর্মী হলেন হেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫)। আর ৩ শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪), আলম (২৫) ও বশির আহমেদ (২৫)। তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
গতকাল ২১ মে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিকি ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দগ্ধদের সহকর্মী রবিন বলেন, মিকি ডায়িং ফ্যাক্টরিতে ২জন নিরাপত্তাকর্মী ও ৩ জন শ্রমিক রাতে কারখানায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাতে গ্যাস পাইপের লিকেজ (ছিদ্র) থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ৫ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে আজ ২২ মে শনিবার ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেছেন, আলমের শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমার ১৫ শতাংশ, নাজির উদ্দিনের ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ এবং মেহেদি হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা এখন চিকিৎসাধীন রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
