ঊষার আলো ডেস্ক : আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। প্রতি বছর ২২ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ‘উই আর পার্ট অব সলিউশন ফর নেচার’ বা ‘আমরা প্রকৃতির সমাধানের অংশ’। এই পৃথিবীতে হরেক রকম প্রাণীর বাস ছাড়াও রয়েছে উদ্ভিদ ও অণুজীব। জীবজগতের রং, আকৃতি, আকার ইত্যাদির বিভিন্নতা নিয়েই টিকে আছে প্ৰাকৃতিক ভারসাম্য।
১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু বেশিরভাগ দেশেই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। মূলত ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।
বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার(২২ মে)) অনলাইনে পরিবেশ অধিদফতর একটি কর্মশালার আয়োজন করেছে। যেখানে সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের অন্যান্য সংকটপূর্ণ বাস্তুসংস্থান পুনরুদ্ধার বিষয়ে আলোচনা করা হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের যুক্ত থাকার কথা রয়েছে। একইসঙ্গে প্রতিমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানের যুক্ত থাকার কথা আছে।
(ঊষার আলো-এমএনএস)
