ঊষার আলো ডেস্ক : হিমালয় পর্বতমালায় করোনাভাইরাসের তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পর্বতারোহণে যাওয়া অন্তত ১০০ পর্বতারোহী ও তাদের সহযোগীদের মধ্যে ইতোমধ্যেই ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের ভয়ে অস্ট্রিয়ার পর্বতারোহী গাইড লুকাস ফার্টেনব্যাচ গত সপ্তাহে তার পর্বতারোহণ বাতিল করেছে। কিন্তু তারপরও তার দলের অন্তত ৬ জনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ হয়েছে।
লুকাস বলেন, বেস ক্যাম্পে অন্তত ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই সংখ্যা ২০০ জনেরও বেশি হতে পারে। সেখানে আরও অনেকেই সংক্রমিত হয়েছে, এ বিষয়ে তিনি নিশ্চিত।
এতদিন নেপালি কর্তৃপক্ষ এভারেস্টে করোনার উপস্থিতি অস্বীকার করে আসছিল। কিন্তু গত ১৫ এপ্রিল এভারেস্টের বেসক্যাম্পে (১৭ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায়) ২ পর্বতারোহীর করোনার লক্ষণ দেখা দিলে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
নেপালের অভিবাসন বিভাগ বলেছে, চলতি বছরের মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এভারেস্টকেন্দ্রিক প্রায় ১৫ হাজার ভ্রমণকারী নেপালে পৌঁছেছে। এর মধ্যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৪০৮ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হিসেবে ২০২০ সালে ২১ ডিসেম্বর অ্যান্টার্কটিকাতে করোনাভাইরাস শনাক্ত হয়।
(ঊষার আলো- এম.এইচ)
