UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি

ঊষার আলো
মে ২৪, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। তীব্র তাপদাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি নেমেছে। খুলনা ছাড়াও উপকূলীয় এলাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
সোমবার (২৪ মে) সন্ধ্যা থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল নগরীর আকাশে। এর আগে আবহাওয়া অধিদফতরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এরপর রাত ৮টার দিকে নগরীর কিছু-কিছু জায়গায় গুড়ি-গুড়ি বৃষ্টির দেখা দেয়। পরে রাত পৌঁনে ১১টার দিকে কিছুটা ভারী বর্ষণ শুরু হয়। এতে হালকা ঠান্ডা বাতাসে  নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পান।এদিকে  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এখনও বাংলাদেশের সীমানায় আসেনি। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা নাগাদ এর প্রভাব  শুরু হতে পারে। এখন যে বৃষ্টি হচ্ছে, তা স্থানীয় আবহাওয়ার কারণে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় আকাশের মেঘমালা তৈরি হয়েছে। তারই প্রভাবে বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের প্রায় সব বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বৃষ্টির কারণে তা কমে আসতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও  ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

(ঊষার আলো-এমএনএস)