UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে মুফতি আমির হামজা গ্রেফতার

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানাযায়, মুফতি আমির হামজা ওয়াজে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ইউটিউবে তার প্রকাশিত বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে, যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি হেফাজত নেতাকর্মীদের ধরপাকড়ের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তাঁর বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে আরো জানা যায়, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামের ১ জনকে গত ৫ মে আটক করা হয়। সাকিবকে আটকের পর শেরেবাংলানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদ সংবলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সাকিব উগ্রবাদে আসক্ত হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)