ঊষার আলো রিপোর্ট : ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ মে মঙ্গলবার রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয়রা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে ঝড়ো বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ ঘরের পাশের একটি গাছের ডাল হঠাৎ ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাহেরকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।অপরদিকে মনপুরার চর ফয়েজ উদ্দিনে পুকুরে পড়ে মারা গেছে লামিয়া নামের ১টি শিশু।
জেলার মনপুরা, কাজিরচর, কলাতলীর চর, ঢালচর ও চর নিজামসহ নিম্নাঞ্চলগুলো অস্বাভাবিক জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। এসব এলাকায় প্রয়োজনের তুলনায় আশ্রয়কেন্দ্র কম থাকায় সাধারণ মানুষ এবং গবাদিপশুগুলো ভোগান্তির কবলে পড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাবরে ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে নদী উত্তাল থাকার কারণে দুর্গম চরাঞ্চলে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া নদী উত্তাল থাকায় সকল রুটের নৌ-চলাচল বন্ধ রয়েছে।
জেলা প্রশাসনের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য নগদ ১ কোটি ৯৪ লাখ টাকা ও ৪২ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
