UsharAlo logo
, |

উত্তরণ-এর উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে উত্তরণ-এর আয়োজনে এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় স্থানীয় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ-এর প্রশিক্ষণ ভেন্যুতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক এবং সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর ফিল্ড অপারেশনস ম্যানেজার এ.জে.এম. শফিকুল ইসলাম, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম উত্তরণ-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান, উত্তরণ-এর ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর চামেলি আক্তার, প্রণব কুমার ও আমীর হোসেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন রেড ক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের যুবপ্রধান আমিনুল ইসলাম ও তাঁর টিম। ফরিদপুর পৌরসভা, সদরপুর উপজেলা ও ফরিদপুর সদর উপজেলার মোট ৩০ জন স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠবেন।

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন, দুর্যোগকালীন সময়ে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর অবদান রাখবেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করবেন।

ঊআ-মোহন চৌধুরী