শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি শুরু হওয়া এ ভ্রমণ কর্মসূচি ২৪ জানুয়ারি শনিবার মধ্যরাতে শেষ হয়।
প্রেস ক্লাবের শক্ত নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সক্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অংশগ্রহণে এ ভ্রমণের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়।
ভ্রমণে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ভ্রমণকালে সভাপতি বেলাল হোসেন বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ প্রাণভাণ্ডার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত বন্ধন দৃঢ় করার পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে।
অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
ঊআ-রহমাতুল্লাহ
