UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইয়াসের প্রভাব কাটলেও আরও দু’দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ দেশে আঘাত না হানলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ইয়াসের প্রভাবে গত কয়েক সপ্তাহজুড়ে চলা অসহনীয় তাপপ্রবাহ কমেছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ২’দিন পর কমে যেতে পারে।
আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড় ইয়াস ভারতের দিকে সরে যাওয়ায় সাগর ধীরে ধীরে শান্ত হচ্ছে। তবে পূর্ণিমার কারণে শঙ্কা রয়েই গেছে। সাগরে জোয়ারের উচ্চতা ৬ ফুটের বেশি বেড়ে গিয়ে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। এজন্য এখনও সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়া ৪০ থেকে ৮০ কিমি বেগে দেশের অভ্যন্তরে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোতেও দেওয়া হয়েছে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। কোথাও কোথাও ১ নম্বর হুঁশিয়ারি সংকেতও তোলা হয়েছে।
২৬ মে বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিকেল ৩ টা নাগাদ ডামরার উত্তর এবং বালাশােরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। এটি পরবর্তীতে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে উপকূলীয় উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের ওপর আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এ অবস্থায় ২৭ মে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড় হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০-১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ওঠে যেতে পারে।
২৮ মে শুক্রবারের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পাবে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত ৫ দিনে ফের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বৃষ্টিপাত কম হওয়ায় এরই মধ্যে ৬ বার তাপপ্রবাহ বয়ে গেছে দেশের ওপর দিয়ে। গত ২৫ এপ্রিল বিগত ৭ বছরের মধ্যে যশোরে সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ সেদিন ঢাকায় উঠেছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে আর যশোরে উঠেছিল ৪১ দশমিক ২ ডিগ্রিতে। ওই দিন ঢাকার তাপমাত্রাও ৭ বছরের রেকর্ড ছাড়িয়েছিল।

(ঊষার আলো- এম.এইচ)