খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক দাকোপ শাখার নতুন অত্যাধুনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার সদর চালনা বাজারে কৃষি ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই নতুন কার্যক্রমের শুভ সূচনা করেন ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।
ব্যাংকটির দাকোপ শাখার ব্যবস্থাপক উত্তম কুমার পালের সভাপতিত্বে সাধারণ গ্রাহকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী এই সভায় কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং পরিষেবা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত কৃষি, কৃষক এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকরা আরও আধুনিক ও দ্রুত ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে পারবেন। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সকল শ্রেণির মানুষকে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সেবা প্রদান করা। একইসাথে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।” আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম, দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল বর্মন, সোনালী ব্যাংক চালনা বাজার শাখার ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী প্রমুখ।
