UsharAlo logo
, |

মিরপুরে দুস্থদের মুখে ঈদের হাসি ফুটালো বসুন্ধরা শুভসংঘ

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী বেলু এবং দরিদ্র শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুরের বিভিন্ন অসচ্ছল পরিবারের খোঁজ নিতে গিয়ে শুভসংঘের স্বেচ্ছাসেবীরা বেলু ও শাহানার মানবেতর জীবনসংগ্রামের কথা জানতে পারেন। পরে তাদের জন্য বিশেষভাবে ঈদসামগ্রীর ব্যবস্থা করা হয়।

জন্মগতভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী বেলুর একটি পা নেই। জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করে তিনি কোনোভাবে জীবনযাপন করেন। সীমাবদ্ধতা ও দারিদ্র্যের মধ্যে ঈদে পরিবারের জন্য কিছু কেনার সামর্থ্য ছিল না তার। এমন সময়ে শুভসংঘের সহায়তা পেয়ে চোখ ভিজে ওঠে আবেগে।

অন্যদিকে শাহানা মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের বাজার করা ছিল তার জন্য কঠিন। সংগঠনটির সহায়তা পেয়ে তিনি স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শুভসংঘের সদস্যরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের জীবনেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব। মানবিক দায়িত্ববোধ থেকেই ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারাও শুভসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে।