খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, সুন্দর, সবুজ ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস গাছ। কিন্তু নগরায়ন ও আধুনিকতার নামে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব হিসেবে তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বাড়ছে।
কেডিএ চেয়ারম্যান আরও বলেন, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় শিল্পনগরী খুলনাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। তবে শুধু সরকারি উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়; প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম আব্দুর রহমান, মো. আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগরের আহ্বায়ক মো. আবু সাইদ শেখ, সদস্য সচিব অ্যাডভোকেট আসলাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ করেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। আনোয়ার-রুবি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
