খুলনা-২ ও ৬নং আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে কথা বলবেন এবং খুলনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর একটি হোটেলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাহমিদা হক বলেন, খুলনার মা-মাটি-মানুষের উন্নয়নে কেডিএ যে প্রকল্প গ্রহণ করেছে বা ভবিষ্যতে গ্রহণ করবে, সেগুলোর বাস্তবায়নে তিনি অকুণ্ঠ সমর্থন দেবেন। খুলনার মানুষের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং জাতীয় পর্যায়ে দাবি-দাওয়া তুলে ধরারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কেডিএর চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। এ সময় খুলনার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
কেডিএ চেয়ারম্যান সংসদ সদস্য ফাহমিদা হককে কেডিএ ভবন ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান। জবাবে তিনি পরদিন কেডিএ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম, উপ-পরিচালক (প্রশাসন, চলতি দায়িত্ব) মো. ইজাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।