UsharAlo logo
, |

খুলনা জেলা রেজিস্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবন নির্মাণের দাবি

Mohon Chowdhury
আগস্ট ৩, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, গত বছরের ৮ জুলাই ভবনের ছাদের অংশ ধসে পড়ার পরও খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবনে বিভাগের জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও পুরোনো নথিপত্র অরক্ষিত অবস্থায় রয়েছে। তিনি দ্রুত ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে আধুনিক বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মনা বলেন, ভূমিসংক্রান্ত সেবা সহজ ও জনবান্ধব করতে রেজিস্ট্রি অফিস এবং উপজেলা ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনগণকে হয়রানি নয়, বরং তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সদর থানা শাখার সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ১৮৯৬ সালে খুলনা নগরীর কে.ডি. ঘোষ রোডে প্রায় দুই বিঘা জমির ওপর খুলনা জেলা রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। একসময় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের দলিল নিবন্ধনের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো।

বক্তারা জানান, বর্তমানে সাতক্ষীরা ও বাগেরহাটে পৃথক জেলা রেজিস্ট্রি অফিস থাকলেও খুলনার এই ১২৭ বছরের পুরোনো ভবনে প্রায় দুই লাখ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে। ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে এসব নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত নতুন ভবন নির্মাণ এবং পুরোনো দলিল সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক নেতা আব্দুল হালিম, আয়নুল হক, স্বদেশ সরকার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকনসহ বিভিন্ন সামাজিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের জন্য আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের পাশাপাশি ভূমিসেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।