UsharAlo logo
, |

পানিবন্দী মানুষের পাশে জামায়াতে ইসলামী, খাদ্যসামগ্রী বিতরণ

Mohon Chowdhury
আগস্ট ৩, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগকালে কেউ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত খুলনা মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা এলাকা পরিদর্শন এবং পানিবন্দী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান বলেন, শুধু খাদ্য সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহযোগিতাও অব্যাহত রাখা হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। মানবিক দায়বদ্ধতা থেকেই দলটি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯ নম্বর ওয়ার্ড আমীর ও কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজীদ, ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হোসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

খাদ্যসামগ্রী বিতরণকালে মাহফুজুর রহমান বলেন, “আমরা সহমর্মিতা ও ভালোবাসার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের সকল সমস্যার সমাধান করতে না পারলেও তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আমরা আশা করি।”

তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।