বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে একটি আধুনিক রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে মোংলা উপজেলার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ RO প্ল্যান্ট স্থাপন করা হয়। এর ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় বাসিন্দারাও নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা পাবেন।
কোস্ট গার্ড জানায়, এ উদ্যোগ স্থানীয় জনগণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
