খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁদের নাম স্থান পেয়েছে।
মনোনীতদের মধ্যে ২০১৯ সালের ছয়জন, ২০২০ সালের পাঁচজন এবং ২০২১ সালের একজন শিক্ষার্থী রয়েছেন। তাঁরা নিজ নিজ স্কুল ও ডিসিপ্লিনে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি এ স্বর্ণপদক প্রদান করে আসছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী এ সম্মাননার জন্য মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের এবং এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় আরও উৎসাহিত করবে। এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানও মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
ঊআ- মোচৌ
