UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রথমবার ‘ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড’ ঘোষণা

Mohon Chowdhury
অক্টোবর ১৯, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তুলতে খুলনায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড ২০২৬’। ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা মহানগর ও জেলার ছয়টি পূজামণ্ডপকে সম্মাননা ক্রেস্ট ও শারদ সনদ দেওয়া হবে।

আয়োজকরা জানান, পূজামণ্ডপের সাজসজ্জা, প্রতিমা নির্মাণ ও সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে মণ্ডপের সৃজনশীলতা, নান্দনিকতা, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীদের কারুকাজ ও শাস্ত্রীয় রূপের যথাযথ উপস্থাপনাও মূল্যায়ন করবেন বিচারকরা।

শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, মণ্ডপের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা, ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ, আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার বিষয়গুলোও বিচারকার্যে গুরুত্ব পাবে।

আয়োজনটির সম্মাননা প্রদানের জন্য সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সিনিয়র সাংবাদিক মল্লিক সুধাংশু, ঊষার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিমল সাহা, বিডিনিউজের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীন, দৈনিক দেশ রূপান্তরের খুলনার নিজস্ব প্রতিবেদক দিলীপ বর্মণ এবং প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল।

আয়োজকদের দাবি, এ প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপের উদ্যোক্তা ও ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসবের শেষ দিনগুলোতে অভিজ্ঞ বিচারকমণ্ডলী বিভিন্ন মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করবেন। পরে তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

আয়োজকরা আশা করছেন, ‘ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড ২০২৬’ পূজামণ্ডপগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং শারদীয় দুর্গোৎসবের শৈল্পিক উৎকর্ষ বাড়াতে ভূমিকা রাখবে।

ঊআ- মোচৌ