সংবাদ সম্পাদনায় নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর হোটেল নগরের কনফারেন্স রুমে ‘Advanced Digital Journalism: Editorial Leadership, AI & Newsroom Strategy’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ইয়োর প্রোমো বিডির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল মিডিয়া ও এআই প্রশিক্ষক অমৃত মলঙ্গী। এতে ২২ জন তরুণ সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রবণতা, সম্পাদকীয় নেতৃত্ব, এআইনির্ভর সংবাদ উৎপাদনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা, তথ্য যাচাই এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সংবাদ পরিবেশনে নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রশিক্ষক।
প্রশিক্ষক অমৃত মলঙ্গী সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক, দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন, ইয়োর প্রোমো বিডির সিইও মো. হাসানুর রহমান তানজির এবং ওভারসিজ এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিব।
এ সময় খুলনার মাঠপর্যায়ের সাংবাদিক মোহন চৌধুরী, রাহমাতুল্লাহ, রাজু, হাসানুজ্জামান হাসান, কনিকা, উম্মে উমামা রাত্রি, বাপ্পী খান, আল-আমিন শিকদারসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা ও নিউজরুম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঊআ- মোচৌ
