আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটে ঘোষিত লংমার্চ সফল করতে খুলনায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করার লক্ষ্যে দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জুলুম ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে না; বরং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হবে। ১১ দলীয় ঐক্যের লংমার্চ কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে খুলনার সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিন আলমগীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ ও মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, গোলাম মুসা তুহিন, আরিফুল ইসলাম, ফজলে রাব্বি ও মোল্লা হুমায়ুন কবিরসহ অন্যরা।
মাহফুজুর রহমান আরও বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাধীন বিচারব্যবস্থা, নাগরিকের নিরাপত্তা এবং তরুণদের মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর থানার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম।
দৌলতপুর থানা আমীর মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, হাসানুজ্জামান ও রেজাউল কবির। এ সময় ৬ নম্বর ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আমীর ইবাদত হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, খোরশেদ আনোয়ার বিরাজ, এম রহমান ও আরাফাত হোসেন মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
