UsharAlo logo
, |

খুলনায় সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী উদ্বোধন

Mohon Chowdhury
অক্টোবর ২৩, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনায় শুরু হয়েছে সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী-২০২৬। শুক্রবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গাছের পরিচর্যা, লালন-পালন এবং উপহার হিসেবে অন্যকে গাছ দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। এ আনন্দ থেকেই নগরীর ব্যস্ত জীবনের মধ্যেও অনেকেই ছাদবাগান গড়ে তুলছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন নগরীতে ২৫ হাজার গাছের চারা রোপণ করেছে। পাশাপাশি এক লাখ বৃক্ষের বন তৈরির লক্ষ্যে বিকাশের সঙ্গে চুক্তি করা হয়েছে। বাড়ি নির্মাণের সময় বৃক্ষরোপণের জন্য জায়গা রাখা এবং ফ্ল্যাটবাড়ির ছাদে গাছ লাগানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন—যদি করি বৃক্ষরোপণ’ প্রতিপাদ্য নিয়ে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা ও প্রদর্শনী চলবে। উদ্বোধন শেষে প্রশাসক ছাদবাগানিদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং মেলায় বিভিন্ন জাতের গাছের স্টল ঘুরে দেখেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ। এ সময় সংগঠনের সদস্য ও ছাদবাগানিরা উপস্থিত ছিলেন।

ঊআ- মোচৌ