পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ঘূর্নিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্থ বেঁড়িবাঁধ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ এ প্রতিষ্ঠানের সদস্যরা। আনসার কর্মকর্তা ও সদস্যদের এমন সামাজিক ও মানবিক কাজ প্রশংসিত হয়েছে সর্বমহলে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিন উপজেলার বিভিন্নস্থানে ওয়াপদার বেঁড়িবাঁধ ভেঙ্গে ও উপচে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এসব বেঁড়িবাঁধ মেরামতে জনসাধারণের পাশাপাশি এগিয়ে আসে আনসার কর্মকর্তা ও সদস্যরা। অত্র উপজেলায় মোট ১৩ হাজার ৫শ জন আনসার সদস্য রয়েছে। এদের মধ্যে ২৯৭ আনসার সদস্যের সমন্বয়ে ১১টি টিম গঠন করে ১১টি ইউনিটে কাজ করে। প্রতিটি টিমের সদস্য সংখ্যা ২৭ জন। আনসার সদস্যদের এসব টিমে নেতৃত্ব দেয় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন। আনসার ও ভিডিপির এ প্রশিক্ষক শুধু নেতৃত্ব দেয়নি আনসার সদস্যদের সাথে কাদা পানিতে নেমে নিজেই কাজ করেছেন। এমন মানবিক কাজ প্রসংগে আলতাফ হোসেন বলেন-আমরা আনসার কর্মকর্তা ও সদস্য হলেও সকলেই এই দেশের নাগরিক। দেশের দুঃসময়ে মানুষের পাশে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। অত্র এলাকার মানুষের বসবাসের জন্য ক্ষতিগ্রস্থ বেঁড়িবাঁধ মেরামত কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে এবং নিজেদেরকে আমরা গর্বিত মনে করছি।
(ঊষার আলো-এমএনএস)
