UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনায় প্রস্তুতি জোরদার

Mohon Chowdhury
নভেম্বর ২, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা, যানজট নিরসন ও নাগরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে নেমেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এরই অংশ হিসেবে কেডিএ নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কেডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমন নগরবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ সফরকে কেন্দ্র করে খুলনাকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে উপস্থাপন করতে হবে। বিশেষ করে নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে কেডিএ বদ্ধপরিকর। সোনাডাঙ্গা বাস টার্মিনালের আধুনিকায়ন এবং নিউ মার্কেট চত্বরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, কেডিএর সদস্য মো. ইকবাল হোসেন ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, অথরাইজড অফিসার মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঊআ-মোচৌ`