UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নবীন প্রশাসন ক্যাডারদের নিয়ে কেসিসির ওরিয়েন্টেশন

Mohon Chowdhury
নভেম্বর ২, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

 খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নবীন কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন, কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দিতে কেসিসির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। খুলনা মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান কাজ। জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে কেসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবাগ্রহীতা যেন সেবা গ্রহণ শেষে হাসিমুখে বাড়ি ফিরতে পারেন—এমন লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সুন্দর ব্যবস্থাপনার অন্যতম প্রধান শর্ত হলো সুন্দর ব্যবহার। কর্মজীবনের শুরু থেকেই জনগণের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিওচিত্রের মাধ্যমে নবীন কর্মকর্তাদের কেসিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

ঊআ-মোচৌ