টেকসই আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সঙ্গে সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের (এইচবিআরসি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং এইচবিআরসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত স্মারকের কপি বিনিময় করা হয়।
অনুষ্ঠানে স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদসহ ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, নকশাগত উদ্ভাবন, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন, টেকসই বসতি উন্নয়ন, পানির নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি টেকসই নির্মাণসামগ্রী ও প্রযুক্তির ব্যবহার, ভবনের কার্যকারিতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, ইন্টার্নশিপ ও পেশাগত দক্ষতা বিকাশে সহযোগিতা করা হবে।
এ ছাড়া যৌথভাবে নকশা প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, স্টুডিও কার্যক্রম, প্রদর্শনীমূলক প্রকল্প ও পরীক্ষামূলক বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। গবেষণালব্ধ জ্ঞান প্রচার, কারিগরি প্রকাশনা এবং নীতিনির্ধারণী পর্যায়েও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতার মাধ্যমে একাডেমিক জ্ঞান, মাঠপর্যায়ের গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠবে। একই সঙ্গে স্থানীয় পরিবেশ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্থাপত্য, প্রকৌশল এবং পরিকল্পনাবিষয়ক সমাধান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
ঊআ-মোচৌ
