প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনা সফর এবং শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন অনুষ্ঠান সফল করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনাবাসী যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলা ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তা খুলনার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যানার-তোরণের কৃত্রিম সাজসজ্জা পরিহার করে শহর পরিচ্ছন্ন রাখা এবং কুদির বটতলা থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল অবস্থান নেতার প্রতি খুলনাঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।
নেতৃবৃন্দ ঐতিহাসিক এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে খুলনার উন্নয়ন, সমৃদ্ধি ও রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
যৌথ বিবৃতিদাতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আলী আসগর লবি এমপি, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
ঊআ-মোচৌ
