UsharAlo logo
, |

খুলনায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Mohon Chowdhury
নভেম্বর ৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

 

দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ গঠন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, খুলনা অঞ্চলে জামায়াতের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি রুকনদের নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। সংগঠনের নীতি ও আদর্শ ধারণ করে অভ্যন্তরীণ ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সংগঠনের রুকনরা ইসলামী আন্দোলনের মূল ভিত্তি ও চালিকাশক্তি। তাদের ত্যাগ, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার ওপর সাংগঠনিক কার্যক্রম নির্ভরশীল। অসহায় ও নিপীড়িত মানুষের সেবা এবং দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। দারসুল কুরআন পেশ করেন ডক্টর আবুল রুবাবা। থানা সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন থানা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, ওলামা বিভাগীয় সেক্রেটারি ডা. হাফেজ সাইফুল্লাহ মানসুর ও দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন।

এ সময় থানা কর্মপরিষদ সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান জিকো, থানা মজলিসে শূরা সদস্য মুজিবুল হক ও ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ড আমীর শহিদুল ইসলাম, ৩১ নম্বর ওয়ার্ড আমীর নুরু হোসেন বাবুল, ২৮ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২১ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল আল মামুন, ৩০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলিমুল হক মিরাজ, ২৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল এবং ২৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রুকনদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত চরিত্র, আচার-ব্যবহার ও নৈতিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা এবং জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।

ঊআ-মোচৌ