UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পানির সংকট সমাধানের দাবিতে সোনাডাঙ্গা থানা সিপিবি’র সভা

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা ওয়াসা কর্তৃক মহানগরীর সুপেয় পানির সংকট সমাধানের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে এক সভা শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় দলের থানার সাধারণ সম্পাদকের বাসভবনে অনুষ্ঠিত হয়। সিপিবি’র সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, থানা কমিটির নেতা নীরজ রায়, অধ্যাপক সঞ্জয় সাহা, পারভীন আক্তার শিলা, অ্যাড. গৌরাঙ্গ সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অপরিকল্পিত, বাস্তবতা বিবর্জিত প্রকল্প বাস্তবায়ন করে মহানগরীর পানির সংকট সমাধানে কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন পানির উৎস এবং সরবরাহের স্থল অর্থাৎ মহানগরীর দূরত্ব এবং প্রকল্পটি চালিয়ে রাখার ব্যয়ভারের বিষয়টি মাথায় ছিল না বলে কর্তৃপক্ষ দায়ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যা খুবই দুঃখজনক। গ্রাহকদের নিকট থেকে নিয়মিত উচ্চহারে বিল নিলেও প্রথমত পানির স্বল্পতা, দ্বিতীয়ত লবণাক্ত ময়লা পানি, আবার কখনও কখনও অজানা দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করে নগরবাসীকে নাকাল করছে। এর থেকে পরিত্রাণের জন্য সমাধানের পথ ওয়াসাকেই বের করতে হবে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।

(ঊষার আলো-এমএনএস)