২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে র্যাব-৬ ও র্যাব-৭-এর যৌথ দল চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জসিম (৫০) খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। আদালত তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন।
র্যাব জানায়, ২০০৯ সালে জসিম খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। ওই বাড়ির পাশের একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন রবিউল ইসলাম। একপর্যায়ে দোকান থেকে রবিউলের মুঠোফোন হারিয়ে যায়। ফোনটি খুঁজে দেওয়ার কথা বলে জসিম তাঁর কাছ থেকে ৮০০ টাকা নেন। পরে ফোন ও টাকা ফেরত না দেওয়ায় স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে জসিমকে ফোন ও টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই সালিশে উপস্থিত ছিলেন বাড়ির মালিক জাহাঙ্গীর।
সালিশের পর জাহাঙ্গীর জসিমকে ওই মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেন। ২০০৯ সালের ১৯ মে বিকেলে বাড়ির সামনে একটি দোকানের বেঞ্চে বসে থাকা জাহাঙ্গীরের ঘাড়ের বাঁ পাশে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জসিম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় জসিমকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জসিমকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঊআ-মোচৌ
