খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্বপাড়ায় মাদক কারবারের প্রতিবাদ করায় একই পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষ্ণনগরের বটবেড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কারবার চালিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে চক্রটির সদস্যরা স্থানীয়দের ওপর হামলা চালায়। গত ২৮ অক্টোবরের ওই ঘটনায় পরিমল মণ্ডল, তাঁর ছেলে প্রতুল মণ্ডল, অমর মণ্ডল ও রনি মণ্ডল আহত হন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বাবলু মণ্ডল ওরফে মদন (৩৫), অরূপ বিশ্বাস (২৮), উত্তম বিশ্বাস (৪৫) ও মিনতি বিশ্বাসের (৪২) নাম উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক তারক চন্দ্র মণ্ডল, ধামালিয়া ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায় এবং সন্দীপন রায়।
বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে ২৮ অক্টোবর আহত পরিমল মণ্ডলের স্ত্রী সাধনা মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। মামলাটির নম্বর ২৮।
ঊআ-মোচৌ
