খুলনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বইমেলার উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, মানুষের মননশীলতা বিকাশ এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বইমেলার গুরুত্ব অপরিসীম। বই মানুষের প্রকৃত বন্ধু। নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ে, যা একটি তথ্যসমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করায় পাঠক ও দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে অংশগ্রহণকারী প্রকাশনীগুলোও বই বিক্রিতে ইতিবাচক সাড়া পাবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে মেলাটি বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বইমেলার কোনো বিকল্প নেই। বইকে জীবনের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলে আলোকিত ও জ্ঞানসমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে বইমেলা উপলক্ষে নগরীর নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ বইমেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলা থেকে বই কেনায় পাঠকদের উৎসাহিত করতে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজন ক্রেতাকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের জন্য নয়টি এবং অন্যান্য সেবামূলক কার্যক্রমের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে পাঁচটি খাবারের স্টল।
বইপ্রেমীদের পদচারণায় নয় দিনব্যাপী এ আয়োজন খুলনায় জ্ঞানচর্চা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ঊআ-মোচৌ
