UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে অপহরণের নাটক সাজালেন বাবা

ঊষার আলো
মে ২৮, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার রূপসায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে অপহরণের নাটক সাজিয়েছেন বাবা। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত করেছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১১টার দিকে থানা পুলিশের একটি দল খুলনার শিববাড়ী মোড় এলাকা থেকে ওই সন্তানকে উদ্ধার করে। তার নাম আহনাফ মোজাহিদ ওরফে নিয়াজ (১৪)। সে উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ গ্রামের আজম খানের ছেলে। সে লকপুর আমবিয়া ইসহাক এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় নিয়াজ অপহরণ হয়েছে বলে তার বাবা থানায় অভিযোগ করে। অপহৃতকে উদ্ধারে পুলিশের ২টি টিম রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযোগের ভিত্তিতে ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে নিয়াজের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রযুক্তির মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আসল ঘটনাটি জানাজানি হয়ে যায়। স্থানীয় একটি পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে হয়রানি করার জন্য এ নাক সাজায় নিয়াজের বাবা।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সারারাত অভিযান চালিয়েছে তাকে উদ্ধারের জন্য। অবশেষে উদ্ধার অভিযান শেষে প্রকৃত রহস্য উন্মোচিত হয়েছে। এ ব্যাপারে মিথ্যা অভিযোগকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটককৃত ৩ ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)