খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের আটটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে নিয়াজ ফার্মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সুন্দরবন পিওর মার্টকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়ার বানিয়াখালী ও শরাফপুর বাজারে অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার এবং যথাযথ পণ্য সরবরাহ না করায় শুভ কসমেটিকসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহের উত্তর নারায়ণপুর বাজারে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রির দায়ে মামুন ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়া বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স জুলহাস স্টোরকে পাঁচ হাজার টাকা এবং সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কাজের দায়ে রাজশাহী ডেন্টাল কেয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার তালা উপজেলার পোড়ার বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মালেক স্টোরকে চার হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স মায়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরের বড় বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় শান্তি স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার মদনডাঙ্গা বাজারে একই অপরাধে মেসার্স পিন্টু ট্রেডার্স ও মেসার্স ইয়াসির ট্রেডার্সকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
ঊআ-মোচৌ
