UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক-ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান মাহফুজুর রহমানের

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে শিক্ষক সমাজসহ দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগের যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের গণরায় ও ঐতিহাসিক জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হবে।

শনিবার রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কিন্ডারগার্টেন ও ইফতেদায়ী মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের ধ্বংসাত্মক তৎপরতা ও সন্ত্রাস মোকাবিলায় শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাসহ সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও জাতির প্রকৃত নির্মাতা। একটি প্রজন্মের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে শিক্ষকদের আদর্শ, নিষ্ঠা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্ডারগার্টেন ও ইফতেদায়ী পর্যায় শিক্ষাজীবনের ভিত্তি। এ পর্যায়ে শিশুদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানার্জনের আগ্রহ তৈরি করতে পারলে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সমুন্নত রাখা এখন সময়ের দাবি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্ডারগার্টেন ও মাদরাসার প্রধানদের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও পারস্পরিক সমন্বয় জরুরি।

খুলনা মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। মহানগরী ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন মুশাররফ আনসারী, অধ্যাপক নজরুল ইসলাম নোমান, ডা. জাকিরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম বিশ্বাস, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রিন্সিপাল এহসানুল কবীর, মো. রেজাউল ইসলাম ও রেজাউল কবীর।

অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঊআ-মোচৌ